বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই
টাকা বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন,
আগে পাকিস্তানের এক টাকা সমান বাংলাদেশের দুই টাকা ছিলো। এখন বাংলাদেশের
এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা। ২০১৯ সালে এসে প্রতিটা ক্ষেত্রেই
পাকিস্তানকে অতিক্রম করেছে বাংলাদেশ।
শুক্রবার দুপুরে রাজশাহীতে বিসিএস
ক্যাডারদের ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যখন মুক্তিযুদ্ধ
করেছিলাম, তখন অনেকের প্রশ্ন ছিলো, পাকিস্তান ভেঙে তার চেয়ে খারাপ কোনো
রাষ্ট্র যেন না হয়। তাহলে আজকের প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতো,
পাকিস্তান ভেঙে আমাদের এ কেমন রাষ্ট্র উপহার দিলা। কিন্তু আজ বলতে পারি-
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। আর তার কন্যার
নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন সম্মানের রাষ্ট্র। নতুন প্রজন্মকে আমরা বলতে
পারছি, তোমাদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিতে পেরেছি।
রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত
সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব অশোক বিশ্বাসের
সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্টাল একাডেমির
অতিরিক্ত সচিব মুনির হোসেন, রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী
পোস্টাল একাডেমির অধ্যক্ষ সিরাজ উদ্দিন।


0 Comments