অবশেষে কলকাতায় দুই বাংলার জনপ্রিয়
অভিনেত্রী ‘ভূতপরী’ হওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। তার মানে পশ্চিম বাংলার
দর্শকদের সামনে সরাসরি ভূতের চরিত্রেই হাজির হচ্ছেন জয়া। এতদিন খবর ছিল
কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের ব্যানারে নির্মিত
হচ্ছে ‘ভূতপরী’ নামে একটি ছবি। কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায়
থাকছেন ঢাকার জয়া আহসান। যা সবারই জানা।
তবে নতুন খবর হচ্ছে পশ্চিমবঙ্গের
কালিকাপুর গ্রামে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সেই সুবাদে দেখা
মিলেছে ‘ভূতপরী’ জয়া আহসানের নতুন গেটআপ। যেখানে জয়াকে দেখা গেল ধবধবে সাদা
শাড়ি পরে খোলা প্রান্তরে মাটিতে হাত ছুঁয়ে হতবিহ্বলের মতো বসে থাকতে। ৭
সেপ্টেম্বর শনিবার দুপুরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন জয়া নিজেই।
কলকাতার এই ছবিটিতে কাজ করার ব্যাপারে
চূড়ান্ত হওয়ার পর জয়া গণমাধ্যমকে বলেছিলেন, ভৌতিক ঘরানার ছবি এর আগে ‘দেবী’
করেছি। তবে কলকাতায় এমন ছবি এবারই প্রথম। এই ছবিটাকে একটি ভূতের
আত্মকাহিনী বলা যায়, থ্রিলারও আছে। ভূতের ভয় আর রহস্যে মোড়ানো ছবিটির
চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষাল।
ছবিটির গল্প প্রসঙ্গে জয়ার বর্ণনা এমন- এক
নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছর মানে ২০১৯-এ এসে তার অতৃপ্ত আত্মার
সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ
অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে,
১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!
এই ‘ভূতপরী’র ভূমিকাতে জয়া আহসান আর ছোট্ট
ছেলেটির চরিত্রে দেখা যাবে বিশান্তক মুখার্জিকে। এ ছাড়াও এতে থাকছেন
ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।


0 Comments