কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় মুরসির ছেলের দাফন

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কনিষ্ঠ ছেলে আব্দুল্লাহর মরদেহ বৃহস্পতিবার রাতে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দাফন করা হয়েছে।
কর্তৃপক্ষ রাতে নিরাপত্তায় মর্গ থেকে মরদেহ নেয়ার অনুমতি দেয়ার পরই দাফন করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
কায়রোতে আব্দুল্লাহর মরদেহ ছাড়াই জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে জেইনহোম মর্গ থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-আরাবি জানায়, দাফনের সময় যেন বড় কোনো জনসমাবেশ না হয় তা নিশ্চিত হওয়ার পরই কর্তৃপক্ষ ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করে।
বুধবার আব্দুল্লাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানায় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments