দীর্ঘ সময়ের ক্যারিয়ারে দুই মাধ্যমের দুই
তারকার কখনই একসঙ্গে কাজ করা হয়নি। অথচ জনপ্রিয়তার কাতারে দুজনেরই অবস্থান
ছিল সুদৃঢ়। একজন সাদিয়া ইসলাম মৌ ও অন্যজন ফেরদৌস। মৌয়ের ক্যারিয়ার তিন
দশকের। আর ফেরদৌসের ক্যারিয়ারও দুই দশক পেরিয়ে গেছে।
কিন্তু এতটা সময় মিডিয়ায় তারা হাঁটলেও
একসাথে এবারই প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন। জুটি হয়ে একটি বিজ্ঞাপনের
মডেল হলেন। দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙের বিভিন্ন পোশাকের মডেল
হয়েছেন তারা।
মৌয়ের সঙ্গে জুটি হয়ে বিজ্ঞাপনের মডেল
হিসেবে কাজ করার প্রতিক্রিয়ায় ফেরদৌস বলেন, ‘অনেকের মতো মৌ আমার প্রিয়
মডেলদের একজন। জুটি হিসেবে আমাদের প্রথম কাজটি অনেকের নজর কাড়বে বলেই আশা
করছি। ফেরদৌসের মতো মৌও বিজ্ঞাপনে জুটি হিসেবে তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ
করেছেন।
বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান,
প্রতিবছরের মতো এবারো দুর্গাপূজা উপলক্ষে তিনি বিভিন্ন পোশাকের ডিজাইন
করেছেন। সেই পোশাকগুলোর মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ ও ফেরদৌস। এর আগেও এই
দুই তারকা আলাদাভাবে তার নকশা করা বিভিন্ন পোশাকের মডেল হয়েছেন। কিন্তু
এবারই প্রথম তাদের মডেল হিসেবে একসঙ্গে দেখা যাবে।


0 Comments