‘গ’ ইউনিট দিয়ে ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৫৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
এবার এক হাজার ২৫০ আসনের জন্য ২৮ হাজার ৯৫৮ জন পরীক্ষায় অংশ নেবেন। প্রতি আসনের জন্য লড়বেন ২৩ জন পরীক্ষার্থী। গত বছর সমান সংখ্যক আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৬ হাজার ৯৬০ জন।
এছাড়া এ বছর ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার প্রথম নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়া হবে। নৈর্ব্যক্তিক অংশ হবে ৭৫ নম্বর এবং লিখিতভাবে ৪৫ নম্বর।
১২০ নম্বরে পরীক্ষায় শিক্ষার্থীরা সময় পাবে দেড় ঘণ্টা। এর মধ্যে নৈর্ব্যক্তিক অংশের জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য সময় পাবে ৪০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
গত দুই বছর প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির ঘটনা ঘটায় এবার সর্বোচ্চ সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরন পরিবর্তন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো, কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ইত্যাদি পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬,০০১ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

Post a Comment

0 Comments