ফতুল্লায় গোপন বৈঠককালে জেমবির দুই সদস্য আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মাদরাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। ১২ অক্টোবর দিবাগত রাতে উপজেলার একটি মাদরাসায় গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বন্দর উপজেলার মো. মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) এবং কাউখালী জেলার পিরোজপুর থানাধীন এলাকা মো. আমানউল্লাহ (৩৩)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন। তিনি জানান, মো. মেহেদী হাসান ওরফে মুরাদ ২০১০ সালে স্থানীয় স্কুল হতে এসএসসি ও ২০১২ সালে নারায়ণগঞ্জের একটি কলেজ হতে এইচএসসি পাস করে এবং ২০১৬ সালে ঢাকার বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (টেক্সটাইল) সম্পন্ন করে। সে ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবি’তে যোগদান করে। আলেপ বলেন, মুরাদ জএমবি’তে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল। সে অনলাইনে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করে বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তার মাধ্যমেই মো. আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবি’তে যোগদান করে। তিনি আরও বলেন, আমানউল্লাহ বরিশালের একটি স্থানীয় মাদরাসা থেকে কামিল পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি মাদরাসায় শিক্ষকতায় যুক্ত হন। এর পাশাপাশি সে ছদ¥বেশে জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম পরিচালনা করতো। মাদরাসায় তার কক্ষটি আলাদা থাকায় সে জেএমবি সদস্যদেরকে নিয়ে গোপন বৈঠক করতো। আলেপ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলা ও জেলে আটককৃত জেএমবি’র সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

Post a Comment

0 Comments