যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে সড়ক
দুর্ঘটনায় ছেলেসহ এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা
পৌনে ছয়টার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলার
এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাংলাদেশি মোহাম্মদ মিসবাহ
উদ্দিন কাজল (৫০) ও তার ১২ বছরের ছেলে আব্দুল্লাহ। তারা লক্ষ্মীপুরের
বাসিন্দা। এ ঘটনায় ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) বুধবার সকালে গাড়িসহ
গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ
পড়ার জন্য ছেলেকে নিয়ে ইস্টভেলি ইসলামিক সেন্টার মসজিদের দিকে হেঁটে
যাচ্ছিলেন মিসবাহ উদ্দিন কাজল। ইরি স্ট্রিট পার হওয়ার সময় একটি গাড়ি তাদের
চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাজল। তার ছেলে
আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়।
নিহত কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন
জুয়েল জানান, ১৪ বছর আগে তার করা পারিবারিক ভিসার আবেদনটি গৃহীত হয় দিন
কয়েক আগেই। দুর্ঘটনার মাত্র ১০ দিন আগে স্ত্রী, কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ও
ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন কাজল। ২২ অক্টোবর মঙ্গলবার আব্দুল্লাহর
স্থানীয় স্কুলে সিক্স গ্রেডে ভর্তি হওয়ার কথা ছিল।


0 Comments