বন্দর প্রতিনিধি
বন্দরের মদনগঞ্জে কবুতর খেয়ে ফেলার অপরাধে
একটি বিড়ালকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেসবুকে ভাইরাল করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল
রোববার দুপুরে এএলবি এনিম্যাল সেন্টার অর্গানাইজেশনের হেড অব অপারেশন কর্মকর্তা
ফারজানা জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় বন্দরের মদনগঞ্জ
বসুন্ধরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হাসানকে। জানা গেছে, বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হাসানের বেশ
কয়েকটি কবুতর গত ১৩ ও ২৩ অক্টোবর বিড়ালে মেরে ফেলে। এতে করে সে ক্ষিপ্ত হয়ে
বিড়ালটিকে ধরে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে এবং হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল
করে। ফেসবুকের পোষ্টটি বাংলাদেশ এএলবি এনিম্যাল সেল্টার অর্গানাইজেশনের চোখে পড়ে।
এ ঘটনায় এএলবি কর্তৃপক্ষ গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি
পর্যবেক্ষণ করেন। পরে তারা থানায় এসে প্রাণী কল্যাণ আইন ২০১৯ ধারার ৭ এর ২নং
উপধারায় মামলা দায়ের করেন। এ ব্যপারে মামলার বাদী ফারজানা জামান বলেন, আমরা সারা দেশে প্রাণী কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। প্রাণীরা অবুঝ তাদের প্রতি
ভালবাসা দেখাতে হবে। বিড়াল কবুতর খেলে ফেলা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের
সৃষ্টিকৃত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোন প্রাণী হত্যা করি তা
শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিড়াল হত্যাকারীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু
করেছে। এদিকে বিড়াল হত্যাকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।


0 Comments