সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল
চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোরীরা। আজ শুক্রবার ভুটানের
থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে এবারের আসরের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১
গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী
ছোটনের শিষ্যরা। শেষ ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে
বাংলাদেশের কিশোরীরা।
শুক্রবার নেপালের বিপক্ষে ম্যাচের ১২
মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। ২৬ মিনিটে
পেনাল্টি পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়র পেনাল্টি থেকে গোল করে ব্যবধান
দ্বিগুণ করেন। ৬৪ মিনিটে নেপালের কারকি একটি গোল শোধ দেন। তবে সেটা হার
এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল
চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। যেখানে অংশ নিয়েছে স্বাগতিক
ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায়
স্বাগতিক ভুটানকে। আজ নেপালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই
তৃতীয়বারের মতো ফাইনালে নাম লেখালো।
২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আসরে
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের কিশোরীরা। এরপর ২০১৮ সালে
ভুটানে অনুষ্ঠিত দ্বিতীয় আসরের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে
রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের কিশোরীদের। এবার আরো একবার
ফাইনালে উঠলো।
দিনের অপর ম্যাচে ভুটানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।


0 Comments