ধলাগলা লেজনাচানি (বৈজ্ঞানিক নাম:
Rhipidura albicollis) (ইংরেজি: White-throated Fantail), সাদাগলা
লেজনাচানি, ধলাগলা ছাতিঘুরুনি বা চাক দোয়েল Rhipiduridae (রিপিডুরিডি)
গোত্র বা পরিবারের অন্তর্গত Rhipidura (রিপিডুরা) গণের এক প্রজাতির ছোট
ছটফটে পাখি।প্রজাতিটির ইংরেজি ও বাংলা নাম থেকেই এর শারীরিক গঠন ও
স্বভাব-চরিত্র সম্বন্ধে ধারণা পাওয়া যায়।
ধলাগলা লেজনাচানি ছড়ানো লেজ ও ঝোলানো
ডানার ছটফটে ছোট পতঙ্গ-শিকারি পাখি। এদের দৈর্ঘ্য কমবেশি ১৭ সেন্টিমিটার,
ডানা ৮ সেন্টিমিটার, ঠোঁট ১.৫ সেন্টিমিটার, পা ২ সেন্টিমিটার ও লেজ ১০
সেন্টিমিটার। ওজন মাত্র ১১ গ্রাম। স্ত্রী ও পুরুষ পাখির আকার ও চেহারায়
কোন পার্থক্য নেই। প্রাপ্তবয়স্ক পাখির থুতনি ও গলা সাদা। এছাড়া দেহের
সর্বত্রই স্লেট ধূসর রঙের। ডানা, মাথার চাঁদি, ঘাড়ের পিছনের অংশ ও কাঁধ
ঢাকনি স্লেট ধূসর। লেজ কালচে-স্লেট রঙের।
লেজ ছড়ালে এর কেন্দ্রের পালক জোড়া ছাড়া
আগা স্পষ্ট সাদা দেখায়। মুখে সাদা পট্টি ও কান-ঢাকনির ওপর সরু সাদা
ভ্রু-রেখা দৃশ্যমান। চোখ বাদামি। ঠোঁট কিছুটা বাদামি-কালো। পা, পায়ের পাতা
ও নখর শিঙ-বাদামি। অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ অপেক্ষাকৃত বাদামি। আর ডানার
গোড়ার পালকের আগা ও ডানার পালক-ঢাকনি লালচে। উপ-প্রজাতিভেদে আকার ও রঙে
ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়।ধলাগলা লেজনাচানি সাধারণত হালকা বন,
ছায়াঘেরা ঝোপ-ঝাড়, বাঁশবন ও বাগানে বিচরণ করে।
সচরাচর একা কিংবা জোড়ায়-জোড়ায় থাকে।
গাছের এক ডাল থেকে আরেক ডালে ডাইভ দিয়ে পোকা শিকার করে। উড়ন্ত অবস্থায়
এক স্থানে স্থির ভাবে অনেকক্ষণ থাকতে পারে। গাছে গাছে বিরামহীন ভাবে উড়ে
উড়ে শিকার খোঁজে। এরা পুরোপুরু পতঙ্গভূক। খাদ্যতালিকায় রয়েছে নানা জাতের
ডানাওয়ালা পতঙ্গ। খাবার খোঁজার সময় এরা অবিরাম দেহ ঘোরায়, লেজ মেলে ধরে
ও ডানা নামায়। কর্কশ কণ্ঠে বার বার ডাকে: চিক...চিক...।
তবে কোন কোন উপপ্রজাতির ডাক বেশ সুরেলা ও
ছন্দযুক্ত।আগস্ট মাস এদের প্রধান প্রজনন মৌসুম। এ সময় এরা একাধিক বার বাসা
করে। পূর্বরাগে এরা নিচু সরে ডাকে: ট্রি-রিরি-রিরি.....। উঁচু কঞ্চি বা
গাছের চেরা ডালে বাসা করে। বাসা পেয়ালাকৃতির। ভূমি থেকে বাসার উচ্চতা ২
থেকে ৩ মিটার উঁচুতে হয়। বাসার ভিত্তি হল পত্রগুচ্ছ। বাসার অন্যান্য উপকরণ
হল ঘাস, আঁশ ও শুকনো তৃণ। এছাড়া বাসায় মাকড়সার জালের আস্তর থাকে। কেবল
স্ত্রী লেজনাচানি বাসা বানায়। বাসা বানানো হলে ৩টি ডিম পাড়ে। ডিমগুলো
সাদা রঙের। ডিমের মাঝখানে বাদামি ছিটের বলয় থাকে। ডিমের মাপ ১.৭ × ১.৩
সেন্টিমিটার। ১২-২৪ দিনে ডিম ফুটে ছানা বের হয়। বাবা-মা উভয়ে ছানাদের
খাওয়ানোর ভার নেয়। ১৩-১৫ দিনে ছানারা বাসা ছাড়ে।


0 Comments