বিরতিহীন যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটের
দীর্ঘতম উড়ালের সফল পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ার ক্যারিয়ার কুয়নতেস
এয়ারওয়েজ। দীর্ঘ সময়ের যাত্রায় বিমানচালক, ক্রু ও যাত্রীদের ওপর কী ধরনের
প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার অংশ হিসেবে এ উড়াল হয়েছে বলে জানিয়েছে তারা।
কুয়নতেসের একটি ৭৮৭-৯ বোয়িং বিমান ৪৯ জন আরোহী নিয়ে সরাসরি নিউইয়র্ক থেকে
সিডনির পথে ১৯ ঘণ্টা ১৬ মিনিটে ১৬ হাজার ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে,
জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ার এ কোম্পানিটি আগামী মাসে লন্ডন থেকে
সিডনিতে আরো একটি বিরতিহীন যাত্রীবাহী ফ্লাইটের পরীক্ষা চালানোর পরিকল্পনা
করছে। এসব পথে যাত্রীবাহী বিমান চালানো হবে কিনা চলতি বছরের শেষদিকে
কুয়নতেস এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সিদ্ধান্ত হলে বিরতিহীন দীর্ঘতম উড়ালের এ
সেবা ২০২২ কিংবা ২০২৩ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ভরা যাত্রী ও কার্গো
নিয়ে এ ধরনের দীর্ঘ দূরত্ব অতিক্রমের ক্ষমতা এখনো বাণিজ্যিকভাবে পরিচালিত
কোনো উড়োজাহাজের দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আবার
জ্বালানি ভরার বিড়ম্বনা এড়াতে কুয়নতেসের এ নিউইয়র্ক-সিডনি ফ্লাইটটি
ধারণক্ষমতার সর্বোচ্চ জ্বালানি নিয়ে রওনা দিয়েছিল; আরোহীদের ব্যাগের ওজন
কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং উড়োজাহাজটিতে কোনো কার্গো নেয়া হয়নি।
উড়োজাহাজে ওঠার পরপরই যাত্রীরা তাদের ঘড়ির কাঁটা ঘুরিয়ে সিডনির সময়ে চলে
যান।


0 Comments