ফতুল্লায় একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের হাসপাতালের আইসিওতে রাখা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন, হাবিব, আব্দুর রহিম ও সোহাগ। তাদের প্রত্যেকের বয়স ৪০-৪৫ বছর। তবে তাদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবস্থিত নিউ ঢাকা মর্নিং স্টিল মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম জানান, কারখানার চুল্লির সামনে ময়লা জমলে তা পরিস্কার করতে হয়। শ্রমিকরা তা পরিস্কার না করে কাজ করছিলো। এসময় চুল্লি বিস্ফোরিত হয়ে আগুনের গোল্লা ওই শ্রমিকদের উপর এসে পড়ে। এতে তারা দগ্ধ হলে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাদের হাসপাতালের আইসিওতে রাখা হয়েছে। আমরা মালিকপক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করছি তাদের দ্রুত সুস্থ করার। ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান জানান, আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ তিনজন শ্রমিককে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাবিবের শরীরের ৭০ ভাগ, সোহাগের ৯৫ ভাগ ও রহিমের ৮০ ভাগ পুড়ে গেছে।


0 Comments