সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট
নিরপেক্ষ সম্মেলনের বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করছেন। গত ২৪
অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম
জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। ২৫ ও ২৬ অক্টোবর বাকুর
কংগ্রেস সেন্টারে ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি,
বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
গত শুক্রবার প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস
সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি
বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও
পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে এক
সাধারণ আলোচনায় বক্তৃতা করেন। শনিবার অন্যান্য ন্যাম নেতার সঙ্গে
বাংলাদেশের প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারের প্লেনারি হলে সম্মেলনের
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.
মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের
পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের
সঙ্গে বৈঠক করেন। সম্মেলন শেষে ২৭ অক্টোবর সন্ধ্যায় দেশে ফেরেন
প্রধানমন্ত্রী।


0 Comments