টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

বাগেরহাটে মাদকাসক্ত ছেলে রাসেল মল্লিক (৩২) এর হাতে মা রাবেয়া মল্লিক (৬০) খুন হয়েছেন। রোববার সকালে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
রাসেল শাহজাহান মল্লিকের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।
পরিবারের অভিযোগ, রাসেল মল্লিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও নেশা থেকে ফেরানো যায়নি। রোববার সকালে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মা রাবেয়া মল্লিককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রাসেল। এতে ঘটনাস্থলেই রাবেয়া মল্লিক নিহত হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, মায়ের সাথে রাসেল মল্লিক একই বাড়িতে থাকতেন। সকালে মায়ের কাছে টাকা ও মোবাইল চাওয়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মাকে নির্মম ভাবে হত্যা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক রাসেলকে গ্রেফতার করি।

Post a Comment

0 Comments