ইংলিশ প্রিমিয়ার লিগে মোহামেদ সালাহর
শেষদিকের গোলে অসাধারণ এক জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী
লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে পিছিয়ে পড়েও রোববার ম্যাচটি ২-১ গোলে
জিতেছে ইয়ুর্গেন ক্লপের শীষ্যরা।
ম্যাচের প্রথম মিনিটেই অ্যানফিল্ডকে
স্তব্ধ করে স্পার্সদের এগিয়ে নেন হ্যারি কেইন। সন হিয়ুং-মিনের দূরপাল্লার
শট ক্রোয়াট ডিফেন্ডার দেইয়ান লোভরেনের গায়ে লেগে পোস্টে বাধা পায়; আলগা বল
ফাঁকায় পেয়ে অনায়াসে হেডে জালে জড়ান কেইন।
প্রথমার্ধে একাধিক আক্রমণ চালিয়েও ম্যাচে
সমতা আনতে পারেনি অলরেডরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলকে সমতায়
ফেরান হেন্ডারসন। ছোট ডি-বক্সে দুরূহ কোণে বল পেয়ে কোনাকুনি হাফ ভলিতে জাল
খুঁজে নেন তিনি।
একের পর এক আক্রমণ অব্যাহত রাখা লিভারপুল
জয়সূচক গোলটি পায় ৭৫তম মিনিটে। ডি-বক্সে সাদিও মানে ফাউলের শিকার হলে
পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে কোন ভুল করেননি সালাহ।
চলতি লিগে মিশরের এই ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল।
১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে
শীর্ষস্থান মজবুত করল চ্যাম্পিয়ন লিগ জয়ী লিভারপুল। ২২ পয়েন্ট নিয়ে
দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।


0 Comments