সরকারের পতন ঘণ্টা বেজে গেছে: রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশের প্রতিবাদী ছাত্রসমাজ আজ স্ফুলিঙ্গের মতো জেগে উঠেছে। দেশের ছাত্র সমাজ এসব অনাচার আর মেনে নেবে না।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তিনি বলেন, যারা আজ দেশবিরোধী চুক্তি আর শহীদ আবরারের বিচারের দাবিতে পথে নেমেছেন তাদের প্রতি আহ্বান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা অবিচল থাকুন। বিজয় আপনাদের সুনিশ্চিত। সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আওয়াজ উঠেছে, আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী অপশক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী অপশক্তির এ দেশীয় দোসরদের বিরুদ্ধে। কোনো আন্দোলন যেমন ব্যর্থ হয় না তেমনি দেশবিরোধী চুক্তি ও শহীদ আবরারের বিচারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বার বার ভারতে সফরে গিয়ে অসংখ্য দেশবিরোধী চুক্তি করে আসছেন বিনাভোটের প্রধানমন্ত্রী। জনগণ জানতেও পারছে না কী চুক্তি হচ্ছে, কেন হচ্ছে এইসব চুক্তি? এইসব চুক্তিতে কার স্বার্থ রক্ষা হচ্ছে? জনগণের দল হিসেবে বিএনপির স্পষ্ট দাবি, ভারতের সঙ্গে গত এক দশকে কী কী চুক্তি হয়েছে, কত চুক্তি হয়েছে, প্রতিটি চুক্তি সম্পর্কে জনগণকে বিস্তারিত জানাতে হবে।’
তিনি বলেন, ছাত্রলীগের হাতে অস্ত্র, হাতুড়ি, চাপাতি, লগি, বৈঠা দিয়ে বিরোধী মতের ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। সরকারের ছত্রচ্ছায়ায়, পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ এখন নৃশংস হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। ছাত্রলীগের জঙ্গিদের হাতে আবরার ফাহাদের নির্মম মৃত্যু প্রমাণ করেছে, একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে ছাত্রলীগকে জঙ্গি সংগঠনে পরিণত করা হয়েছে। এখন ছাত্রলীগকে তৈরি করা হয়েছে বধ্যভূমির ঘাতক হিসেবে।

Post a Comment

0 Comments