স্বাধীনতাকামী কাতালানদের বিক্ষোভে
রণক্ষেত্র কাতালুনিয়া। এমতাবস্থায় লা লিগার ম্যাচ খেলতে এইবার আসে
বার্সেলোনা। তবে রাজনৈতিক সহিংসতার সে প্রভাব মাঠের খেলায় পড়তে দেয়নি
কাতালান ক্লাবটির ফুটবলাররা।
গতকাল সন্ধ্যায় স্বাগতিক এইবারকে ৩-০ গোলে
হারিয়েছে ব্লাউগ্রানা। পূর্ণ তিন পয়েন্ট অর্জনে অন্তত কয়েক ঘণ্টার জন্য
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার শীর্ষেও উঠে আসে বর্তমান
চ্যাম্পিয়নরা।
মিউনিসিপাল ডি ইপুরুয়াতে একাদশে বেশ
কয়েকটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল বার্সেলোনা। ইনজুরি ফেরত জরদি আলবা এ
ম্যাচ দিয়েই ফিরেছেন মাঠে। নিষেধাজ্ঞা কাটিয়ে ডিফেন্ডার ক্লেমেন্ট
লেংলেটকেও দেখা যায় শুরুর একাদশে।
ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানের গোলে ১৩
মিনিটে প্রথমবার ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। রক্ষণের ফাঁকায় পাওয়া বল
গ্রিজম্যান লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে
পারতেন মেসি। তবে স্বাগতিক গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ মেসির শটের বল
জালে ঢুকতে দেননি।
বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে
বার্সার হয়ে গোল করেন লুইস সুয়ারেজ। তবে অফসাইডের খড়গে গোলটি বাতিল করে দেন
লাইন্সম্যান। যদিও সে আক্ষেপ সুয়ারেজ মেটান গোল করে। ৬৬ মিনিটে মেসি গোল
করার সুযোগ পেলেও নিঃস্বার্থভাবে তা দেন এ উরুগুইয়ানকে।
যেখানে বল জালে জড়াতে ভুল করেননি এ
স্ট্রাইকার। দারুণভাবে বল বানিয়ে দেয়ার আগে মেসি নিজেও অবশ্য স্কোরশিটে নাম
তোলেন। ৫৮ মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করেছিল কাতালান জায়ান্টরা।
গ্রিজম্যানের বাড়ানো বল কোনাকুনি নিচু শটে প্রতিপক্ষ জালে পাঠান বর্তমান
ফিফা বর্ষসেরা ফুটবলার।


0 Comments