ইরাকের রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরেও
সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে
কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো দুই হাজারের বেশি
মানুষ। এক খবরে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ইরাকে কর্মসংস্থান ও সরকারি
পরিষেবা উন্নত করা এবং দুর্নীতি বন্ধের দাবিতে এ মাসের প্রথম দিকে এ
বিক্ষোভ শুরু হয়। একটানা কয়েক দিন ধরে চলা ওই বিক্ষোভে দেড়শ’র বেশি মানুষ
নিহত হয়েছিলেন। কঠোর হাতে ওই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে সফল হয় ইরাক সরকার।
কিন্তু শুক্রবার সকালে বাগদাদের তাহরির
স্কয়ারে নতুন করে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তারা
সুরক্ষিত গ্রিন জোন এলাকায় সরকারি ভবনগুলোর দিকে অগ্রসর হতে চাইলে টিয়ারশেল
নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। তখন
বিক্ষোভকারীরা, ‘আমরা ক্ষুধার্ত নই, আমরা আত্মমর্যাদা চাই’ বলে স্লোগান
দেয়।
এ সময় নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ারশেল
ক্যানিস্টারের আঘাতে বাগদাদে দুই বিক্ষোভকারী নিহত হন। পরে শুক্রবার
বাগদাদ, বসরা, মাইসান, দিন কার ও মুতান্না শহরগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভে
সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হওয়ার খবর
পাওয়া গেছে।
তবে ইরাকের মানবাধিকার কমিশন বিক্ষোভে ৩০ জন নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে।


0 Comments