নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা জাহিদ
হাসান। গত ঈদের পর থেকে এখনও কাজে ফিরেননি। কিন্তু কেন কাজে ফিরেননি
প্রশ্নটা ঘুরে ফিরেই আসছে। জাহিদ হাসান এ প্রসঙ্গে জানালেন, যে গল্পগুলোতে
অভিনয়ের প্রস্তাব আসছে, তাতে তিনি কোনো আগ্রহ পাচ্ছেন না। তিনি বলেন, আমার
প্রতি দর্শকের একটা আস্থা আছে, মানহীন কাজ আমি করি না। এ অবস্থায় যদি
মানসম্মত কাজ না করি তাহলে দর্শক আশাহত হবে। এছাড়া দর্শকের ভালোবাসা পেয়েই
তো আজকের এ অবস্থায় এসেছি আমি। তাই এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়ে অভিনয়
করছি না।
জাহিদ হাসান সাধারণত কাজ করেন বেছে বেছে।
আবার অনেক সময় নতুন কোনো কাজের জন্য চুপ মেরে যান। সেই কাজের প্রস্তুতির
জন্য সাময়িক বিরতিতে থাকেন। এক্ষেত্রে বিষয়টা তেমন কিনা জানতে চাইলে বলেন,
অভিনয়ের ওপর এক ধরনের একঘেয়েমি চলে এসেছে। এ থেকে বের হওয়ার জন্যই বিরতিতে
আছি। এরই মধ্যে দাড়ি রেখে নিজের অবয়ব কিছুটা পরিবর্তন করেছি। নতুন লুকে
আমাকে অভিনয়ে কেমন দেখা যাবে, এটি নিয়েও ভাবছি। আমি আসলে নতুন ধরনের গল্প ও
চরিত্র চাচ্ছি। যাতে দর্শকের সামনে নতুনভাবে আসতে পারি।
এদিকে কিছুদিন আগে কলকাতায় জাহিদ হাসান
অভিনীত ‘সিতারা’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে। ছবিটি বাংলাদেশে মুক্তি
পেতে পারে। তিনি বিষয়টা তুলে ধরলেন এভাবে- এ ছবির নির্মাতা এবং প্রযোজকের
সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। বাংলা এবং তেলেগু ভাষায় ছবিটি ভারতে মুক্তি
পেয়েছে। শুনেছি সেখানকার দর্শকও বেশ আগ্রহ নিয়েই ছবিটি দেখেছেন। সম্প্রতি
ছবির প্রযোজক বাংলাদেশে এটি প্রদর্শনের পরিকল্পনা করছেন। হয়তো অল্প সময়ের
মধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু করবেন।
পাশাপাশি শুক্রওবার জাহিদ হাসান অভিনীত
বহুল আলোচিত ছবি ‘সাপলুডু’ মুক্তি পেয়েছে। ছবিটি প্রসঙ্গে তিনি জানালেন,
সাপলুডুতে দর্শক আমাকে অন্য রূপে দেখতে পাবেন। ছবির গল্প বেশ সুন্দর। এছাড়া
আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। দর্শকও আমাকে নতুনভাবে
দেখবেন। ডাবিংয়ের সময় এ ছবির অল্প কিছু দৃশ্য দেখেছিলাম। সেটুকু ভালো
লেগেছে। ইচ্ছা আছে ঢাকার কোনো একটি প্রেক্ষাগৃহে ছবিটি দর্শকের সঙ্গে বসে
দেখব। এও জানালেন, ছবিতে আমি ভালো করলেও ছবি নির্মাণের ব্যাপারে ভাবছেন না।
বললেন, ছবি নির্মাণের এখনই সেই পরিবেশ তৈরি হয়নি কিংবা আসেনি। যারা ছবি
নির্মাণ করছেন, তাদের আমি সাধুবাদ জানাই। এখন ছবি নির্মাণ করলে লগ্নি উঠে
আসার নিশ্চয়তা খুব কম। তাই এ নিয়ে আপাতত ভাবছি না। তবে সময় অনুক‚লে এলে
পরিচালনার কথা ভাবব।
নাট্য পরিচালক হিসেবেও জাহিদ হাসানের
খ্যাতি কম নয়। মাঝে শোনা গিয়েছিল তার পরিচালিত নতুন একটি ধারাবাহিক নাটক
প্রচারে আসবে। কিন্তু এখনও সেটা আলোর মুখ দেখেনি। কেন দেখেনি এ প্রসঙ্গে
জাহিদ হাসান জানালেন আসার কথা ছিল। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকের নাম
‘হুলুস্থুল টিভি’। নাটকটির শুটিং কিছুদিন আগে শেষ হয়েছে। শিগগিরই আরটিভিতে
নাটকটির প্রচার শুরু হবে। এছাড়া আরও নতুন দুটি ধারাবাহিক নাটক পরিচালনার
প্রস্তুতি নিচ্ছি। এ কাজগুলো নিয়েই আমার সময় কাটছে এখন।


0 Comments