ভারতে সঙ্গে সাম্প্রতিক চুক্তিকে দেশের
'স্বার্থবিরোধী' উল্লেখ করে তা বাতিল দাবি এবং বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২ দিনের
কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে
অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী
কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী শনিবার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব মহানগর এবং রোববার (১৩ অক্টোবর) দেশের সব জেলা সদরে জনসমাবেশ করবে দলটি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশবাসীকে
বাঁচাতে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করে অবৈধ সরকারের পতনের
মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনের সব
গণতান্ত্রিক আন্দোলনে ঐকবদ্ধভাবে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান
জানাচ্ছি। ইতিহাসের অমোঘ সত্য স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই
অবিসংবাদিত।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল
ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.
শাহজাহান, বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
প্রমুখ।
প্রসঙ্গত, সদ্য স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ
চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন ফাহাদ। এরপর গত রোববার রাত ৮টার
দিকে বুয়েটের শেরেবাংলা হলের হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নেয়া হয় তড়িৎ
কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (সপ্তদশ ব্যাচ) শিক্ষার্থী আবরারকে। তার কয়েক
ঘণ্টা আগেই তিনি কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে হলে ফিরেছিলেন। এরপর রাত ২টার
দিকে হলের সিঁড়িতে আবরারের লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সবশেষ
বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছেন অন্যতম সন্দেহভাজন ও বুয়েট ছাত্রলীগের
আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা। এ পর্যন্ত যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে,
তাদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী।
এছাড়াও বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত
অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪
দিনের সফরে নয়াদিল্লী যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


0 Comments