২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ
বাছাইপর্বের ম্যাচে আসছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কাছে ২-০ গোলে
হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি
অনুষ্ঠিত হয়।
বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল। এবার কাতারের কাছে ২-০ ব্যবধানে হারল।
ম্যাচের শুরুতে আধাঘণ্টা কাতারের আক্রমণ
ঠেকিয়ে রাখতে পেরেছিল বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু ২৮ মিনিটের মাথায় আবদুর
ইসাগের দুর্দান্ত শটে প্রথমবারেরমত পিছিয়ে যায় বাংলাদেশ।
গোল হজম করার পর সেটা শোধ করার জন্য মরিয়া
হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলাররা। বেশ কিছু সুযোগও পেয়েছিল। কিন্তু যে মাঠে
খেলে অভ্যস্ত জীবন-বিপলুরা, সে মাঠে এলোমেলো শটের খেসারত দিতে হলো গোল না
পেয়ে। কাতারের পোস্টের সামনে গিয়েই কেন যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের
ফুটবলাররা। যে কারণে দারুণ কিছু সুযোগ পাওয়ার পরও সঠিক শট নিতে না পারার
কারণে সাফল্যও ধরা দেয়নি।
ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করা
বাংলাদেশের পুরনো দিনের অভ্যাস। সেটা আজ আবারও ফিরে এলো। ইনজুরি সময়ের
(৯০+১) আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। এবার গোলটা পুরোপুরি ডিফেন্ডারদের
গাফিলতির কারণে এলো। বক্সে জটলা বেধে যায়।
বাংলাদেশের বেশ কয়েকজন ডিফেন্ডারের
উপস্থিতি সেখানে। তবুও বল ক্লিয়ার করতে পারেননি তারা। শেষ মুহূর্তে
বউদিয়াফের নিচু শটে বল জড়িয়ে যায় বাংলাদেশের জালে। ব্যবধান দাঁড়িয়ে গেলো
২-০ গোলের। এরপর তো জয় দুরে থাক, ড্র করার চিন্তাও করার উপায় ছিল না এবং
শেষ পর্যন্ত হলোও না। ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


0 Comments