ভয়ানক গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’

উপকূলের দিকে ১৪০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মহা’। একারণে ভারতের গোয়া উপকূলসহ কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড়, কাসারগড়সহ বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
শনিবার দিল্লির আবহাওয়া দপ্তর এক বিবরণীতে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, ‘মহা’ ক্রমশ শক্তি সঞ্চয় করে ভারতের গোয়া উপকূলের দিকে ধেয়ে আসায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় গোয়া উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ‘মহা’র প্রভাব পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যেও পড়েছে। এর ফলে কেরালা, কর্নাটক ও তামিলনাড়ুতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লাক্ষাদ্বীপের আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন।
দেশটির আবহাওয়া দপ্তর আরো জানায়, আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগের মাত্রা ক্রমশই বাড়বে। আগাম ব্যবস্থা হিসেবে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যোগাযোগের জন্য খোলা হয়েছে হেল্প লাইন।
আবহাওয়াবিদদের মতে, গত অর্ধশত বছরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। এর আগে আরব সাগরে ‘চপলা’ ও ‘মেঘ’ নামের দুটি ঘূর্ণিঝড় পরপর তৈরি হয়েছিলো।

Post a Comment

0 Comments